চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান বলেছেন, নির্বাচিত হলে রাঙ্গুনিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি ১৩ দফা উন্নয়ন ও সংস্কারমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাছান বলেন, রাঙ্গুনিয়ার মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং প্রশাসনিক সেবায় বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্ট সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের মোমবাতি প্রতীকে ভোট দিতে হবে। পাশাপাশি ভোটের দিন ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করে ভোটের অধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।
ইকবাল হাছান আরও বলেন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সচেতনভাবে ভোট প্রয়োগ করতে হবে। ন্যায়ভিত্তিক এলাকা গঠন ও জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার জন্য তিনি ভোটারদের রায় কামনা করেন।
অনুষ্ঠান শেষে মরিয়মনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইসলামী ফ্রন্টের প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এ সময় জেলা ও উপজেলা ইসলামী ফ্রন্ট এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।