
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিচিন্তাপুর মাদরাসা থেকে নিখোঁজ হওয়া তিন হেফজখানার ছাত্রকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা একই মাদরাসার হেফজ বিভাগের আবদুল্লাহ, মিরাজসহ তিনজন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে তারা নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়ালেখার চাপের কারণে তারা মাদরাসা ও বাড়ি থেকে বের হয়ে যায়। পরে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।