
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরা বাচাশাহ নগর এলাকায় একটি পাহাড়ি বাগানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ছয় একরজুড়ে থাকা ফলজ, বনজ ও ঔষধি গাছ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে পোমরা বনবিটের দক্ষিণ পাশে অবস্থিত মরহুম ইসলাম মিয়ার মালিকানাধীন বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাগানে আগুন লাগার খবর পেয়ে মালিকের ছেলে নুরুল আজিম ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাগানের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলছে।
আগুনে আম, জাম, কাঁঠাল, লিচু, জলপাই ও সেগুনসহ কয়েকশ গাছ পুড়ে যায়। এ ছাড়া বাগানের ভেতরে থাকা একটি খামার ঘরও সম্পূর্ণ পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নুরুল আজিম বলেন, তাঁর বাবা প্রায় ৭০ বছর ধরে বাগানটি গড়ে তুলেছিলেন। এই অগ্নিকাণ্ডে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। বহু বছরের পুরোনো গাছপালা পুড়ে যাওয়ায় ক্ষতি অপূরণীয়।
তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাঁদের বাগানে আগুন দিয়ে আসছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।