
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সায়ের মোহাম্মদ পাড়ায় মঙ্গলবার(৭ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, পেট্রোলিয়াম আইনে অবৈধভাবে তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।