নিজস্ব প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গনে এ মেলা হয়।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। দিনব্যাপী আয়োজনে ছিল বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে দায়িত্ব পালন করেন বিচারকরা। প্রজেক্ট মূল্যায়নে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দীন। বিজ্ঞান অলিম্পিয়াডে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, জনস্বাস্থ্য প্রকৌশলী ইয়াকুব ফারহান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর। কুইজ প্রতিযোগিতায় বিচারক ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল হোসাইন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না ও আবদুল মোহাইমেন। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে সহায়ক হবে।