অ্যাসোসিয়েশন ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড রাইটস (এওয়াক)-এর উদ্যোগে এবং সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায়, লিলিয়ানি ফান্ডস-এর অর্থায়নে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ এপ্রিল উপজেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “একসাথে একাকীত্বের বিরুদ্ধে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। উপস্থিত ছিলেন এওয়াকের ম্যাপইনসিবিআর প্রকল্পের ট্রেইনার নাজনিন আরা বেগম, সিবিআর অফিসার রেজাউল করিম ও রাশেদ জোহাইর এবং সিবিআর ফ্যাসিলিটেটর তাপস চন্দ্র বড়ুয়া।
আলোচনা সভায় ডাউন সিনড্রোম শিশু ও তাদের অভিভাবকবৃন্দ, যুব ক্লাবের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় ডাউন সিনড্রোমের কারণ, বৈশিষ্ট্য এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এ বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে বিষয়টি সম্পর্কে আরও সচেতন হতে সহায়তা করে।
বক্তারা বলেন, ডাউন সিনড্রোম ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। অনুষ্ঠান শেষে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।