
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকা থেকে ওই দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকরা রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৮৪ ও ১৮৫) করেন। জিডি দায়েরের পর থেকেই ছাত্রীদের উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জিডি নং-১৮৪ এর ভিকটিমকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকা থেকে উদ্ধার করা হয়। একই সময়ে অন্য একটি অভিযানে জিডি নং-১৮৫ এর ভিকটিমকে সুদূর পঞ্চগড় জেলা থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, উদ্ধারকৃত উভয় ছাত্রীকে সুস্থ অবস্থায় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধ দমনে রাঙ্গুনিয়া থানা পুলিশ সর্বদা সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।