
রাঙ্গুনিয়া উপজেলায় একটি হিন্দু মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুড়ির দোকান এলাকায় অবস্থিত মা মগধেশ্বরী মন্দিরে চুরির বিষয়টি প্রকাশ পায়। সকালে মন্দিরে পূজা দিতে এসে স্থানীয়রা দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পান এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দানবাক্সে থাকা নগদ টাকা ও মন্দিরের কিছু অলংকার নিয়ে যায়। তবে কেউ কেউ মন্দির ভাংচু্রের অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি মো. আরমান হোসেন বলেন, ” ঘটনার বিষয় তদন্ত চলছে। এই ঘটনায় মামলা করতে স্থানীয় লোকজন এসেছেন। মামলা গ্রহন করা হবে।
এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত চোরদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।