রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘গ্রিন রাঙ্গুনিয়া ২০২৬’ আগামী শুক্রবার (১৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় সরফভাটা-ভান্ডারজুড়ি সড়কের দু’পাশে কৃষ্ণচূড়া এবং গুমাই বিল কেন্দ্রিক সড়কের পাশে তালগাছ রোপণ করা হবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হবে।
এতে স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, বছরব্যাপি ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে টি-শার্ট ও ক্যাপ প্রদান করা হবে। এছাড়া রোপণের পরবর্তী তিন ও ছয় মাসে পরিচর্যায় সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে।
উপজেলা প্রশাসন সবাইকে এই সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।