প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ
রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ও জঙ্গল সরফভাটা এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে দুটি ইটভাটায় মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় এই দণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের সময় মীরেরখীল এলাকার
মেসার্স বিবিএম ব্রিকস এর চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার ম্যানেজার মো. গিয়াস উদ্দিনের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, জঙ্গল সরফভাটা এলাকার মেসার্স আল মক্কা ব্রিকস এর ম্যানেজার মো. সুরুজের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন। সার্বিক সহযোগিতা করেন অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনী এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত