আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলায় মোট ৪ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী। এ পরীক্ষার জন্য উপজেলায় ৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে নিয়মিত পরীক্ষার্থী ২ হাজার ৬৮৫ জন এবং অনিয়মিত ৬৬১ জন।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৯৫ জন, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭৬৭ জন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ৩৭৯ জন, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৬৫ জন, রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪০৪ জন, সুখবিলাস উচ্চ বিদ্যালয়ে ৩৮০ জন এবং পোমরা উচ্চ বিদ্যালয়ে ৪৫৬ জন।
দাখিল পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসায় ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত ৬২৪ জন এবং অনিয়মিত ৭৪ জন।
অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার দুটি কেন্দ্রে মোট ২৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত ২২৭ জন এবং অনিয়মিত ৩৬ জন। কেন্দ্র দুটি হলো রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।