চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটায় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আবছার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়া এলাকার একটি কৃষি মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবছার মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সরফভাটায় বসবাস করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আবছার গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। দুপুর পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলে মাঠে তাঁর দগ্ধ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, একটি সেচ পাম্পের খোলা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাতে মরিয়মনগরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগটি অরক্ষিতভাবে ফেলে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. নূর উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।