দীর্ঘ ৩৭ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী আনোয়ার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা, নবনির্মিত ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক মো. আইয়ুবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে আবেগঘন কণ্ঠে মো. আইয়ুব বলেন, মরমী গবেষক সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি-এর প্রেরণায় তাঁর শিক্ষকতা জীবনের সূচনা। ১৯৮৯ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে কিছু সময় অন্যত্র দায়িত্ব পালন করলেও ২০০৯ সাল থেকে পুনরায় এই বিদ্যালয়েই কর্মরত ছিলেন। বিদায়বেলায় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। মো. আইয়ুবের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাত ধরেই দেশের আগামীর প্রজন্ম গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, দাতা সদস্য সৈয়দ রুহুল হক শামস, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উত্তরজেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা ব্যক্তিত্ব। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর।অনুষ্ঠানের শুরুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত নতুন ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি। বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক এই অবকাঠামো বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব