রাঙ্গুনিয়া উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস” উপজেলা পর্যায়ের বাছাইপর্ব ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুব স্কোয়ার্ড রাইডার্স এর সভাপতি ইসমাঈল হোসেন নয়ন।
সভায় জানানো হয়, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ক্রিকেট এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ফুটবল ইভেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ইভেন্টসমূহ ৩০ এপ্রিল উপজেলায় আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত করে তুলতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।