
রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর সৈয়দবাড়ি এলাকায় কৃষিজমিতে নির্মিত তিনটি অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অন্য দুটি নির্মাণাধীন ভবনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার(১৬ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এ সময় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে ড্রিম রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় কৃষিজমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। অভিযানের সময় একটি স্থাপনায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং বাকি দুটি নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, কৃষিজমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।