
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে কৃষকদের অবদানের কথা স্মরণ করে হুমাম কাদের চৌধুরী বলেন, “কৃষকরাই এদেশের উন্নয়নের চালিকাশক্তি। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে বলেই আজ আমরা নিশ্চিন্তে খেতে পারছি।”
তৃণমূলের মানুষের প্রতি নিজের এবং তাঁর পরিবারের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “লুঙ্গি পরা সাধারণ মানুষরাই আমাকে ভালোবেসে ভোট দিয়ে আজ এই অবস্থানে বসিয়েছেন। আমার বাবা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি অন্যদের চেয়ে আলাদা ছিল; কারণ তিনি সাধারণ মানুষ ও কাদামাটির কৃষকদের সবসময় বুকে টেনে নিতেন। সাধারণ মানুষের প্রতি এই অকৃত্রিম ভালোবাসার কারণেই তারা তাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন। আমিও সেই ধারা বজায় রেখে আপনাদের সেবায় পাশে থাকতে চাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। গত বছর এই তালিকায় ৩০০ জন কৃষক থাকলেও এবার উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৮০০ জনে উন্নীত করা হয়েছে। সরকারি এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের আউশ চাষে নতুন করে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।